কাহালুতে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার কাহালু-মালঞ্চা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাহালুর সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস ও কাহালুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হাসান আল তারিক।
অভিযানকালে মিরাজুল স মিলের মালিক মো. মিরাজুল ইসলামকে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই করাতকল পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ কারণে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পরিবেশ ও বন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।