মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

মুন্সীগঞ্জ, ১৮ আগস্ট ২০২৬: উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। মঙ্গলবার (১৮ আগস্ট) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম) প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা উন্মোচিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, জেলা ক্রীড়া সংস্থা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী ম্যাচে টংগিবাড়ী উপজেলা ও মিরকাদিম পৌরসভা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টংগিবাড়ী উপজেলা দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২–০ গোলে মিরকাদিম পৌরসভাকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।May be an image of one or more people, tree and text

টুর্নামেন্টকে ঘিরে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে।

সপ্তাহব্যাপী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট ২০২৬