দক্ষিণ সুরমায় মাদক-জুয়ার বিরুদ্ধে ঝটিকা অভিযান, ২৮ মামলায় দণ্ড ১৭ জনের
সিলেট, ১৭ আগস্ট ২০২৬: সিলেটের দক্ষিণ সুরমায় মাদক ও জুয়ার আসরের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ১৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত দক্ষিণ সুরমার এয়ারপোর্ট, জালালাবাদ, হুমায়ূন রশীদ চত্বর, ক্বীনব্রিজ ও জালালপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোট ২৮টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং সর্বমোট ১৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।