পরিবেশ সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ
নেত্রকোণা, ১৮ আগস্ট ২০২৬: পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ আইন বিষয়ে যুবদের সচেতনতা বাড়াতে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) যুব ভবন, যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং বেলা, ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল অফিসার উজ্জ্বল কুবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণার উপপরিচালক ফারজানা পারভীন।
আলোচনা সভায় পরিবেশ দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ আইন সম্পর্কে যুবসমাজের করণীয় এবং পরিবেশবান্ধব উদ্যোগে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় যুবসমাজকে সচেতন ও সক্রিয় করে তোলা এবং পরিবেশ আইন সম্পর্কে তাঁদের জ্ঞান ও দায়িত্ববোধ বাড়ানোই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।