ধামরাইয়ে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন

ধামরাই প্রতিনিধি: শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রথম প্রান্তিকের জিওবি খাতের আওতায় এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিশু, কিশোর-কিশোরী, নারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং নারীর অধিকার ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

বিভাগীয় তথ্য অফিস, ঢাকা এ কর্মসূচির আয়োজন করে। সংশ্লিষ্টরা জানান, জনসচেতনতা বৃদ্ধিতে চলচ্চিত্র ও অন্যান্য প্রচারমাধ্যমের কার্যকর ব্যবহার অব্যাহত থাকবে।