ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা জোরদারে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নতুন এ প্রযুক্তির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে। একই সঙ্গে দ্রুত ও প্রযুক্তিনির্ভরভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার ফলে মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থায় কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডেটাবেজে পাঠানো হবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য জানানো হবে। যানবাহনের মালিকরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
একই যানবাহন বারবার আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টোপথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ হবে। এ উদ্যোগ সফল করতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।