সীমান্তে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ১৫ যুবককে চার সপ্তাহব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস তুলে দেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সরঞ্জাম তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবি সূত্র জানায়, ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সীমান্ত এলাকার ১৫ জন বেকার যুবক এতে অংশ নেন।
চার সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগ স্থাপন ও হাউজ ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক দক্ষতা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলসও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।