টেকনাফে একলাখ ইয়াবাসহ অটোরিকশাচালক গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে একলাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাসহ চালককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ মাদক পরিবহনের খবর পায়। তারা জানতে পারে, এক মাদক কারবারি সিএনজিচালিত অটোরিকশায় বিপুল মাদক নিয়ে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথ দিয়ে যাবে। এ খবরে টেকনাফ থানার শাপলা চত্বর বাজারে অবস্থানরত র্যাবের দলটি সেখানে যায়। এরপর সোমবার রাতে তারা একটি দোকানের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্ট চলার সময় উলুচামারী দিক থেকে আসা একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। সেই সঙ্গে তার দেহ ও সিএনজিচালিত অটোরিকশাটি তল্লাশি করা হয়। এ সময় যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে একলাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার অটোরিকশাচালক সোলতান আহমদ (৩৮), তিনি হ্নীলা ইউপির লামারপাড়া আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।