নওগাঁয় ১৫ লাখ টাকার ৮০টি হারানো মোবাইল উদ্ধার

নওগাঁ: নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ও নিখোঁজ ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা

নওগাঁ জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত ও উদ্ধার করেন।

পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ জানায়, হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি ফোন হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।