ঢাকা-৬ আসনের নিরাপত্তায় ইশরাকের নির্দেশনা

ঢাকা, ১৭ আগস্ট: ঢাকা-৬ আসনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন

সভায় ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, সন্ত্রাস দমন, যানজট নিরসন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় আসনের সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন ইশরাক হোসেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসসহ জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। পরে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।