পাকশী রেলওয়ে জেলা পরিদর্শনে ডিআইজি, দিলেন পেশাদারিত্বের বার্তা

পাকশী: রেলওয়ে পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে সরকারি সফরে পাকশী রেলওয়ে জেলা পরিদর্শন করেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান

পরিদর্শনের শুরুতে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান সম্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

সফরকালে ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান পাকশী রেলওয়ে জেলার পুলিশ অফিস, ঈশ্বরদী রেলওয়ে সার্কেল অফিস, রাজশাহী রেলওয়ে থানা এবং চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী রেলওয়ে সার্কেল), ঈশ্বরদী ও রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ, আরআই (পুলিশ লাইন্স)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রেলওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান। একই সঙ্গে তিনি রেলওয়ে পুলিশের সব কর্মকর্তা ও ফোর্স সদস্যকে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।