‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’
নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা, শপথবাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে সদর উপজেলার দত্ত উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতি ও এর সামাজিক প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার হিসেবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক লিফলেটের পাশাপাশি স্কেল, কলম, খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।