পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক পোশাক শিল্পে জোর
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের বাস্তবতা, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিবেশগত গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় শিল্পখাতের পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ইটিপি থেকে নির্গত পানির রঙের মান, জিরো লিকুইড ডিসচার্জ (ZLD), পানি পুনর্ব্যবহার, 3R Policy (Reduce, Reuse and Recycle), পরিবেশগত নমুনা সংগ্রহ ও পরীক্ষার নির্ভরযোগ্যতা, Mirror Testing Mechanism, পরিবেশগত ছাড়পত্র নবায়ন, STP স্থাপন, জেনারেটরের শব্দ নিয়ন্ত্রণ, বায়ুদূষণ ব্যবস্থাপনা, Rainwater Harvesting ও Water Recycling উল্লেখযোগ্য।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান লিখিত প্রস্তাবের মাধ্যমে শিল্পখাতের পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়াকে আরও পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই করতে পরিবেশগত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্য অক্ষুণ্ণ রেখে শিল্পের বাস্তব পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিবেশগত অনুবর্তিতা আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, শিল্প সংগঠন ও অন্যান্য অংশীজনের মধ্যে আলোচনা ও কারিগরি সমন্বয় অব্যাহত থাকবে। ইটিপিতে কার্যকর রাসায়নিকের ব্যবহার এবং স্লাজ ব্যবস্থাপনায় ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর এবং বিজিএমইএর প্রতিনিধিরা সভায় অংশ নেন।