বড় লোকসানে মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বড় অঙ্কের লোকসানের কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানায় আর্থিক প্রতিষ্ঠানটি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ছিল ২ টাকা ২৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
লভ্যাংশ না দেওয়ার বিষয়ে এবং আলোচ্য বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও (জানুয়ারি-জুন) কোম্পানিটির আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩ টাকা ২৬ পয়সা। ফলে ছয় মাসের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা ৯৫ পয়সা বা প্রায় ৯০ শতাংশ।
তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কিছুটা উন্নতির আভাস মিলেছে। এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে লোকসান ৪০ পয়সা বা প্রায় ২২ শতাংশ কমেছে।
গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৪ টাকা ৮৭ পয়সা, যা কোম্পানিটির আর্থিক দুর্বলতার স্পষ্ট প্রতিফলন।