জুলাই ও গুম-খুনের শিকার শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ঢাকা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ১৭ বছরের গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঢাকা-৯ আসনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি নিজে বিভিন্ন শহীদ পরিবারের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে নিজের পরিবারের মতো আগলে রাখার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। শহীদ পরিবারের সদস্যদের দুঃখ-কষ্ট ও প্রয়োজনীয়তার কথা শুনে তাঁদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, “শহীদ পরিবারের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

প্রতিমন্ত্রীর এ উদ্যোগে শহীদ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।