জাপানে তরুণদের কর্মসংস্থান ও বাংলাদেশে উন্নত চিকিৎসার আশ্বাস

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের তরুণদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশে জাপানি প্রযুক্তিনির্ভর উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জাপানের সংসদ সদস্য মাতসুশিতা শিম্পেই।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডা. খবির উদ্দীনের বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে জাপানের সংসদ সদস্য বাংলাদেশি তরুণদের জন্য জাপানে কাজের সুযোগ তৈরির বিষয়ে আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশে জাপানি প্রযুক্তি ব্যবহার করে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের জনগণ উভয়েই উপকৃত হতে পারে। বিশেষ করে কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।