২০ কোটি টাকায় নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন, সহজ হবে ৪ উপজেলার যোগাযোগ
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এতে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের চার উপজেলার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কম সময়ে জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করতে পারবেন।
সেতুটি চালুর ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত দুর্ভোগ কমে স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।