পলিথিনমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের বৈঠক
ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জুলাই ২০২৬: পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ এবং বিকল্প পরিবেশবান্ধব ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও সহজলভ্যতা নিশ্চিত করতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পলিথিনের অবাধ ব্যবহার নদী-জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ সংকট মোকাবিলায় পাট, কাপড় ও কাগজের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যবসায়ী নেতারা তরী বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিথিনের বিকল্প উৎপাদন, বিপণন ও ব্যবহারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, প্রশাসন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি পলিথিনমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।
সভায় তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির আহ্বায়ক হাজী আবুল কালাম, আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. জালাল উদ্দীন, এফ এ টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূইয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।