গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচন বৈধ কীভাবে—প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: গণভোটকে অবৈধ বলা হলে একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়—এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন ফলপট্টি এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “একই ডেকচিতে রান্না করা গোশত হালাল, আর ঝোল হারাম—এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও অবৈধ।”

তিনি দাবি করেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

সভায় শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে উপেক্ষা না করে তা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গেও মন্তব্য করেন এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।