ইতালির স্বপ্ন দেখিয়ে কেনিয়ায় বিক্রি, র‍্যাবের জালে দালাল

নিজস্ব প্রতিবেদক: ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণকে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে তোতা মাল (৬২) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

র‍্যাব জানায়, মাদারীপুরের শিবচরের বাসিন্দা মো. তামিমকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেওয়া হয়। পরে তাঁকে শ্রীলঙ্কা ও ভারত হয়ে কেনিয়ায় পাচার করা হয়। সেখানে মুক্তির জন্য পরিবারের কাছে আরও ৫ লাখ টাকা দাবি করা হলে পরিবার ৩ লাখ টাকা পরিশোধ করলেও তামিম দেশে ফিরতে পারেননি।

এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তোতা মালকে বৃহস্পতিবার রাজধানীর মীরহাজির বাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।