মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ৫১ নম্বর ওয়ার্ডে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা প্রতিনিধি: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর যাত্রাবাড়ী-শ্যামপুর থানা এলাকার ৫১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ।

ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় ৫১ নম্বর ওয়ার্ডের স্থানীয় দায়িত্বশীলদের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।