অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোকবার্তা

কুমিল্লা জেলার সদর সার্কেলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক শোকবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬:২২ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

মোহাম্মদ সাইফুল মালিক ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার থানাধীন মকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

কর্মজীবনে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কুমিল্লা জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।