লোহাগাড়ায় পুলিশের পৃথক চার অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে পুলিশের পরিচালিত পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি দম্পতি, একটি বিলাসবহুল টয়োটা জিপের চালকসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে একটি বিলাসবহুল টয়োটা জিপে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক আরও দুটি অভিযানে একটি মোটরসাইকেলের গিয়ার বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা এবং এক মাদক পাচারকারীর পেটের ভেতরে বহন করা ইয়াবা উদ্ধার করা হয়। চারটি অভিযানে সর্বমোট ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার প্রতিরোধে নিয়মিত তল্লাশি, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।