নিজস্ব বাগানের তাজা ডাটা শাক কর্মচারীদের মাঝে বিতরণ: স্বনির্ভরতায় অনন্য উদ্যোগ দিনাজপুর জেলা কারাগারের
দিনাজপুর প্রতিনিধি: স্বনির্ভরতা, পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে দিনাজপুর জেলা কারাগার। কারাগারের নিজস্ব বাগানে উৎপাদিত তাজা ডাটা শাক কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, নিজস্ব বাগানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং সবুজায়ন কার্যক্রমও আরও গতিশীল হচ্ছে।
এ ধরনের উদ্যোগ কর্মচারীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে কারা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুর জেলা কারাগার ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
কারা প্রশাসনের মতে, বন্দিদের পুনর্বাসনমুখী কার্যক্রম, কৃষিভিত্তিক উৎপাদন এবং সবুজ উদ্যোগের সমন্বয়ে একটি আধুনিক, মানবিক ও স্বনির্ভর কারাগার ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।