যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটি দেশের গণপরিবহনে যাত্রী অধিকার প্রতিষ্ঠা, হয়রানি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। পরে ২৫ জুন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেন। কমিটির মেয়াদ ২০ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামারুন নাহার, সাধারণ সম্পাদক সায়মুন নাহার জিদনী, অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী।
নবনির্বাচিত নেতারা এক যৌথ বিবৃতিতে সমাজসেবা অধিদপ্তর ও সংগঠনের সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও বৈষম্যহীন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। একই সঙ্গে যাত্রী হয়রানি রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন তারা।
সংগঠনের নেতাদের মতে, যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।