ঈশ্বরদীতে অগ্রদূত সংস্থার নতুন অফিসে প্রশিক্ষণ (TOT) কার্যক্রমের উদ্বোধন
পাবনা জেলার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা ‘অগ্রদূত সংস্থা’-এর নতুন অফিস এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ (TOT) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন অফিস ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন অগ্রদূত সংস্থার প্রধান উপদেষ্টা এবং ‘আধুনিক বাংলাদেশ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. নিয়ামত আলী। তিনি তাঁর বক্তব্যে সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংস্থার সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক জাকির চৌধুরী। তিনি সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ঈশ্বরদীতে নতুন অফিসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে TOT (Training of Trainers) প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করেন। উদ্বোধন শেষে নির্বাহী পরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও উপস্থিত সকলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৯ বছর ধরে অগ্রদূত সংস্থা মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈশ্বরদীতে এই নতুন শাখা ও প্রশিক্ষক তৈরি কার্যক্রমের মাধ্যমে এলাকার বেকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উদ্বোধনী ও মতবিনিময় সভায় সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীবৃন্দ অনলাইনে ও সরাসরি উপস্থিত ছিলেন।