কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেফতার

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে আবু হানিফ অপুকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ডিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল অভিযানে নামে। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে অপুকে গ্রেফতার করা হয়

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে সন্ত্রাসীদের গুলিতে স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু হানিফ অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গতকাল ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ জুন নগরীর কাটাবিল এলাকায় নাগরিক কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধনে গোলাগুলির সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আহত হয় আরো কয়েকজন।

ঘটনার পর গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে আবু হানিফ অপুকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ডিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল অভিযানে নামে। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে অপুকে গ্রেফতার করা হয়।

পুলিশের জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের আরো জানায়, আবু হানিফ অপু একটি সংঘবদ্ধ অপরাধচক্রের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।