সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা দুই চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত দুটি চুনা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কারখানা দুটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে এলাকায় চুন কারখানা পরিচালনা করছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানার স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে কারখানার মালিককে সহযোগিতা করার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।