বাংলাদেশিদের জন্য আবার ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু, আবেদন শুরু ২৮ জুন

বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা ট্যুরিস্ট ভিসার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন রবিবার থেকে জমা দেওয়া যাবে।” তিনি জানান, মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসা সেবা অব্যাহত থাকবে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এর আগে একই দিনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।