ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৮২ কেজি জব্দ ও জরিমানা
গত ২৪ জুন ২০২৬ পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ক(খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে দুইটি দোকান মালিককে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আনুমানিক ৮২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া হিসাবরক্ষক মো. আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী মো. কামরুজ্জামান অভিযানে সহায়তা করেন।
অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার ও ব্যাটালিয়ন-৬ এর দুটি চৌকস দল নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ও আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।