মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা

গত ২৪ জুন ২০২৬ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আশুলিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হয়ে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসম্পৃক্ততা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মতবিনিময় সভা শেষে এলাকাকে অপরাধমুক্ত রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে দ্যা রোজ গার্মেন্টস ও স্কাইলিং গার্মেন্টস কর্তৃপক্ষ জামগড়া পুলিশ ক্যাম্পের জন্য দুটি গাড়ি উপহার প্রদান করে। অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটি গ্রহণ করেন।

পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এই যানবাহন জামগড়া পুলিশ ক্যাম্পের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।