মিষ্টি আমে মিষ্টি মুহূর্ত, কারাগারে ব্যতিক্রমী আয়োজন

মৌসুমি ফলের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর জেলা কারাগারে কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের মধ্যে বিনামূল্যে সুস্বাদু ও জনপ্রিয় হাড়িভাঙা আম বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেল সুপার আবু নূর মো. রেজা এবং জেলার মো. ফরহাদ সরকার। তারা নিজ হাতে কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের মাঝে আম বিতরণ করেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান এবং উদ্যোগটির প্রশংসা করেন।

কারা প্রশাসনের মতে, দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চা বন্দিদের মানসিক বিকাশ এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

“সেবার পাশাপাশি মানবিকতার বন্ধনে—সবার মুখে হাসি ফোটাতে দিনাজপুর জেলা কারাগারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সকল মহলে।”