শুরু হলো জাতীয় ফল মেলা-২০২৬, ফলের উৎসবে মুখর গোপালগঞ্জ
গত ২৩ জুন ২০২৬: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার গত (২৩ জুন) জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত দেশীয় ও উন্নত জাতের ফল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
আয়োজকরা জানান, জাতীয় ফল মেলা শুধু ফলের প্রদর্শনী নয়; এটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
মেলায় কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা ফল চাষের আধুনিক কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। আয়োজকদের প্রত্যাশা, ফল উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।
‘ফল হবে পুষ্টির উৎস, কৃষি হবে সমৃদ্ধির ভিত্তি’—এই প্রত্যয়ে গত ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলছে জাতীয় ফল মেলা-২০২৬।