স্কুলে যাওয়ার পথে অপহরণ, ১২ দিন পর পরিবারের কাছে ফিরল কিশোরী
মুন্সীগঞ্জ, গত ২৫ জুন ২০২৬: অপহরণের ১২ দিন পর রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি বাসা থেকে এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মুন্সীগঞ্জ জেলা। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান অভিযুক্তের হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জেরে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত ১২ জুন সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর স্কুল এলাকায় পৌঁছালে তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশে পিবিআই, মুন্সীগঞ্জ মামলাটির তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) মো. আবেদ আলীর নেতৃত্বে পিবিআইর একটি দল গত ২৪ জুন ভোরে ঢাকার গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রধান অভিযুক্ত রাজু হোসেনের হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ভিকটিমের বয়স নির্ধারণ, ধর্ষণ ও গর্ভধারণসংক্রান্ত মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে তার পিতার জিম্মায় প্রদান করা হয়।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।