পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

ফতুল্লায় পদ্মা রেললাইনের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শেখ রবিউল আলম বলেন, ‌‘আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম নয়। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্রাকল কিন্তু রাখা হয়। দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে অন্যভাবে দেখছে না, ইতিবাচকভাবে দেখা হচ্ছে না।’

কনস্ট্রাকশনের অংশ হিসেবে অতিরিক্ত মাটি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন এই মাটি সরানো হয়নি। ওটা একটু উঁচু হওয়ায় ওখান থেকে মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল, অতিরিক্ত মাটি ছিল, অবস্থা তৈরি করার জন্য কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে।

তিনি বলেন, ‘আমরা বন্ধ (মাটিকাটা) করে ওখানে গাছ লাগানোর সিদ্ধান্ত দিয়েছি, ওখানে গাছ লাগানো হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মার রেল সেতু পিলারের নিচ থেকে মাটি কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি সমালোচনার জন্ম দেয়।

ভাঙ্গা-পায়রা রেল রুট

ভাঙ্গা-পায়রা রেল রুট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ফিজিবিলিটি টেস্ট হয়েছে। এই মুহূর্তে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা যে ফিজিবিলিটিটা করেছি, আগের যে অ্যালাইনমেন্ট আছে সেটা অনুসরণ করেই করেছি এবং এখন পর্যন্ত যে প্রকল্প নিতে চলেছে সেটা অনুসরণ করেই অগ্রসর হচ্ছি। অ্যালাইনমেন্টের চেঞ্জের কোনো প্রয়োজন দেখছি না, এরকম দাবিও দেখছি না।’