কৃষি-গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, কৃষকদের কৃষিকাজে সহায়তা জন্য কোনো প্রকল্প নেওয়া হয়েছে কি না।

 

জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার জুরী ও বড়লেখা উপজেলার কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য বিশেষ কোনো প্রকল্প নেওয়া হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ১০ হাজার কোটি টাকার ও উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকার এরই মধ্যে ১০ হাজার টাকা সুদসহ কৃষিঋণ মওকুফ করে এ বাবদ এক হাজার ৫৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এতে মৌলভীবাজার জেলাসহ সারাদেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারের জুরী ও বড়লেখা উপজেলায় যথাক্রমে ছয় কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা ও ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।