তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী

সরকার তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ স্বল্প সময়ের নয়, তবে সরকার দ্রুততার সঙ্গে এটি এগিয়ে নিতে চায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় তাগিদ দিয়েছেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

সভা শেষে তিনি বলেন, তিস্তা অববাহিকায় সমন্বিত পানিব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর সামনে একটি অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সমন্বিত পানিব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

তিনি জানান, এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি আট সদস্যবিশিষ্ট আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

 

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং তিস্তাপাড়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই প্রকল্পকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের সামগ্রিক স্বার্থেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।