ব্যবসা সহজ করতে সব কর্মকাণ্ড ডিজিটালাইজেশন হবে: অর্থমন্ত্রী
দেশে ব্যবসা-বাণিজ্য সহজ করতে ও হয়রানি কমাতে সব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ডিজিটালাইজেশন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে কর ব্যবস্থায়। এজন্য আমরা ওখানে খুব জোর দিচ্ছি, কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এবং অন্যান্য জায়গায়ও। ধীরে ধীরে সব কর্মকাণ্ড ডিজিটালাইজেশন করা হবে।’
বুধবার (৩ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজিত প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় বন্দরের খরচ কমানো এবং কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতির প্রসঙ্গও টানেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বন্দরে যে খরচ হয় মানুষের, মাল আসার পর থেকে রিলিজ করা পর্যন্ত, এই খরচ আমরা মেনে নিতে পারি না। তাই ব্যবসা পরিচালনার খরচ কমিয়ে আনা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়।’
ব্যবসায়ীদের অনেক কাঁচামাল এনে সেসব যাচাইয়ের জন্য ঢাকায় পাঠাতে এবং পরে ফল পেতে অনেক সময় লেগে যাওয়ায় বন্দর এবং ব্যাংকের খরচ বাড়ে। সেই সঙ্গে সেসব কাঁচামাল দিয়ে উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি উল্লেখ করেন, এছাড়া কাস্টম হাউসে পণ্য যাচাইয়ের স্ক্যানিং মেশিন নষ্ট থাকায়ও একই ধরনের হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের।