কেরানীগঞ্জে জাল টাকার ‘বড় মহাজন’ কাউছার গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’ হিসেবে পরিচিত মো. কাউছারকে (৫০) তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত প্রায় ১০টার দিকে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে মো. কাউছার ও তার সহযোগী মো. কামালকে (৫১) আটক করা হয়।

গ্রেফতারের সময় কাউছারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

ডিবি জানায়, অভিযানে একটি ইপসন কালার প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো দিয়ে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। তিনি একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন বাজার ও উৎসব মৌসুমকে টার্গেট করে জাল নোট ছড়িয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।