আগামীর শিক্ষাব্যবস্থা বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে: ববি হাজ্জাজ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামীর শিক্ষাব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না। তিনি বলেন, ‘‘এটা আমাদের স্বপ্ন। এটা বাস্তবায়নে আমরা কাজ করবো।’’
বুধবার সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন ২০ কোটি মানুষকে দেখিয়েছেন, সেই শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করবো। শিক্ষার প্রতিটি জায়গায়—প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনালসহ এমন কোনও জায়গা নেই, যেখানে আবার নতুন করে গড়ে তোলার কোনও প্রয়োজনীয়তা নেই। অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আমরা ওই স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করছি।’’