দেশে নারীর অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য ৬.৭ ট্রিলিয়ন
দেশের নারীদের অদৃশ্য শ্রমের মূল্য বের করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির হিসেব অনুযায়ী, দেশের নারীদের অদৃশ্য শ্রমের মূল্য দাঁড়িয়েছে ৬.৭ ট্রিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটরিয়ামে প্রকাশিত হাউজহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্টে (এইচপিএসএ) এ তথ্য জানানো হয়।
বিবিএস জানায়, ২০২১ সালের হিসাবে এ মূল্য নির্ধারণ করেছে বিবিএস। নারীদের অদৃশ্য শ্রমের এই বিশাল মূল্য মোট জিডিপির প্রায় ১৮.৯ শতাংশের সমান। রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বৃদ্ধের যত্ন নেওয়া কিংবা অসুস্থের সেবা– এমন অসংখ্য কাজের ওপর এই হিসাব করা হয়েছে। এতদিন নারীদের এই কাজগুলো দেশের অর্থনীতির খাতায় লেখা হয়নি। এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো নারীর এই অদৃশ্য শ্রমের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিল সরকার।
প্রধান অতিথি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নারীর শ্রম দীর্ঘদিন ধরে অর্থনীতির ছায়ায় ছিল। আজকের এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করল।