প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে তাদের দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে। রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে।
দিনব্যাপি আয়োজনে চারটি সেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। ৩০ বছর পূর্তি উপলক্ষে দুটি বই প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সিপিটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। প্রথম স্টেশনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রফেসর রওনক জাহান, ব্যারিস্টার নিহাদ কবির ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।