নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করছে সরকার

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি তাদের ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্ব জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বাণিজ্যমন্ত্রী জানান, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা প্রবর্তনের ফলে নারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রপ্তানি নিবন্ধন সনদের (ইআরসি) মতো প্রয়োজনীয় নথি অনলাইনে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশে অবস্থান করেও উদ্যোক্তারা আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এসব সেবা নিতে পারবেন। এতে সরকারি দপ্তরে সরাসরি যাওয়ার প্রয়োজন কমবে এবং ব্যবসার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সহজ হবে।

এসএমই খাতে অর্থায়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এ খাতের জন্য ঋণের পরিসর ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ অর্থ ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে। নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এসএমই বোর্ড পুনর্গঠন এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

বৈঠকে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে তথ্যের ঘাটতি, আনুষ্ঠানিক নিবন্ধনের জটিলতা এবং জেলা পর্যায়ে সমন্বয়ের সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন বিডব্লিউসিসিআই প্রতিনিধিরা। এসব বাধা দূর করতে তারা পূর্ণাঙ্গ ডেটাবেজ প্রণয়ন, কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক স্থাপন এবং নিয়মিত কেন্দ্র-জেলা সমন্বয় সভার প্রস্তাব দেন।

প্রতিনিধিরা জানান, দেশে কোন খাতে ও কোন পর্যায়ে কতজন নারী উদ্যোক্তা কাজ করছেন, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। ফলে তাদের প্রকৃত চাহিদা নির্ধারণ, কার্যকর নীতি প্রণয়ন এবং প্রয়োজনভিত্তিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তারা কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির পাশাপাশি জেলা পর্যায়ের উইমেন চেম্বারগুলোর জন্য উদ্যোক্তাদের তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক করার ওপর জোর দেন।

নারীদের দ্বারা পরিচালিত ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও বিধিবিধান অনুসরণেও নানান জটিলতা রয়েছে বলে জানান প্রতিনিধিরা। এজন্য একটি কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক বা সমন্বিত সেবামঞ্চ গঠনের দাবি জানান তারা। প্রস্তাবিত ডেস্ক থেকে ব্যবসার নিবন্ধন, প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা এবং সহায়তা দেওয়ার কথা বলা হয়।

জেলা পর্যায়ের সমস্যাগুলো কেন্দ্রীয় পর্যায়ে তুলে আনা এবং সমাধানে কার্যকর সমন্বয় গড়ে তুলতে বছরে দুবার কেন্দ্র ও জেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে সভা আয়োজনের প্রস্তাবও দেয় সংগঠনটি।

নারী উদ্যোক্তাদের সহায়তায় গড়ে ওঠা বিকল্প সেবামঞ্চগুলোর প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী। তাদের ব্যবসায়িক সেবাপ্রাপ্তি ও অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানান তিনি।

বৈঠকে প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনের ট্রেজারার শাহানা জাফরীন, রিদমা খান ও উলফাত জাহান মুন প্রমুখ।




গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।

আজ সোমবার মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সমানভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অফ কমিউনিকেশন বা ‘অফকম’ এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।




রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আইআইএমএমকে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈঠকে নিকোলাস কুজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে। তারা আগে থেকে বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। রাখাইনে সহিংসতা ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকায় এসব রোহিঙ্গা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছে না।

তিনি বলেন, এ পরিস্থিতি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার সম্পর্ককে তুলে ধরে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বরের ৩৯/২ নম্বর প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম) প্রতিষ্ঠিত হয়। পরে জাতিসংঘ সাধারণ পরিষদ ৭৩/২৬৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে এর প্রতিষ্ঠাকে স্বাগত জানায়। জেনেভাভিত্তিক এই ব্যবস্থা ২০১৯ সালের আগস্টে কার্যক্রম শুরু করে।

আইআইএমএম ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, একত্রকরণ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে। জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আদালতে ফৌজদারি বিচার কার্যক্রমে ব্যবহারের জন্য প্রমাণ সুবিন্যস্ত ও বিশ্লেষণ করে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়তা করাই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য।




১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০২ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দুপুর ২টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য ও অতিথিদের আলোচনার পর গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পরে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি, সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর) সহ বিশিষ্ট শিক্ষাবিদেরা সম্মাননা পেয়েছেন।

এছাড়া চিকিৎসা শিক্ষায় অবদানের জন্য সাবেক ইএনটি সার্জন অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর), অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং প্রকৌশল ও কারিগরি ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর) ও ড. এ.বি.এম. হারুন-উর-রশিদ সম্মাননা অর্জন করেন।

পাশাপাশি বিশেষ ক্যাটাগরিতে ১৯৭৪ সাল থেকে বিনামূল্যে শিক্ষা ছড়িয়ে দেওয়া ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত মো. লুৎফর রহমান, ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানসহ গুণী শিক্ষাব্রতীরাও সম্মানিত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পৃথক বিচারক ও সার্চ কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এসব শিক্ষককে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।




শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা। একটি শ্রেণিকক্ষে শিক্ষক শুধু প্রতিদিন পাঠদান করেন না, তিনি প্রতিদিন আগামীর বাংলাদেশ গড়ে তোলেন।

 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ন্যায়সংগত আচরণ করা, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে শিক্ষিত করা এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষকদের সম্ভাবনার বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রশিক্ষণের ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, আজকের এই শিক্ষক দিবসে আমরা প্রধানমন্ত্রীকে পেয়েছি, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দিনের শুরুতে বৈঠক এবং বিকেলেও একাধিক কর্মসূচি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শিক্ষকদের সম্মান জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটি শিক্ষকদের প্রতি তার সম্মান ও গুরুত্বের বহিঃপ্রকাশ। আগে এই দিবসে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হলেও এবার প্রধানমন্ত্রীর উদ্যোগে তা বাড়িয়ে ১০২ জন করা হয়েছে। সম্মাননা হিসেবে শিক্ষকদের পদক, দুই লাখ টাকার চেক ও সনদ দেওয়া হচ্ছে।

ড. মিলন বলেন, জীবনের প্রথম শিক্ষক বাবা-মা। বাবা-মা সন্তানকে প্রাথমিক শিক্ষা দিয়ে স্কুল-কলেজে পাঠানোর পর দীর্ঘ সময় ধরে শিক্ষকরাই তাদের জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখেন। ফলে জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে শিক্ষকদের মর্যাদা শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর বাস্তব প্রতিফলন থাকতে হবে তাদের বেতন, নিরাপত্তা ও কর্মপরিবেশে। শিক্ষকদের সমস্যাগুলো শিক্ষা মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, অভিজ্ঞ শিক্ষকদের মতামত ও শিক্ষা সংস্কারে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

মেধাবী তরুণদের শিক্ষকতায় আকৃষ্ট করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এক সময় যারা শ্রেণিতে প্রথম হতো, তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা কিংবা শিক্ষা পেশায় আসতে আগ্রহী ছিল। বর্তমানে আমরা সেই জায়গা থেকে অনেক দূরে চলে গেছি। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মেধাবী তরুণরা শিক্ষকতাকে নিজেদের পেশা হিসেবে বেছে নেবে।

শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে থাকা নীরব শিক্ষার্থীটিকেও খুঁজে বের করতে হবে। তাকে প্রশ্ন করতে হবে, উৎসাহ দিতে হবে এবং সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। কারণ আজকের সেই পেছনের বেঞ্চের শিক্ষার্থীই ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হতে পারে। শিক্ষকদের পাশে সরকার থাকবে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে অনুষ্ঠানে ১০২ জন গুণী শিক্ষকদের সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।




বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী




ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের রুমের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর কাছে জানতে পারি অজ্ঞাতপরিচয় এক নারী ঢামেকের ওয়েটিং রুমের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। নাম-পরিচয় এখনো জানতে পারেনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




রাজধানীতে ফিজিওথেরাপি কলেজে আগুন

রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ের একটি কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বলেন সকাল পৌনে দশটার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন, তাই এই বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন।

অটোচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছেন না তারা। এতে গাড়ি চালাতে না পেরে আয়-রোজগারও বন্ধ হওয়ার অবস্থা দাঁড়িয়েছে।

প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

অটোরিকশাচালকরা বলেন, তারা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশাচালকরা বিক্ষোভ করছেন।




এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিয়েছে এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডস। ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ ঘোষণা দিয়েছে কোম্পানি দু’টি।

এপেক্স স্পিনিং
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২২ পয়সা বা প্রায় ৬ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সা। ২০২৪-২৫ অর্থবছর শেষে যা ছিল ৮৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস কমেছে ৪ টাকা ৩০ পয়সা।

ইপিএস কমার কারণ হিসেবে এপেক্স স্পিনিং কর্তৃপক্ষ জানিয়েছে, কর ব্যয়ের মধ্যে কর্মীদের চাকরিসংক্রান্ত সুবিধার দায়ের বিপরীতে বিলম্বিত কর হিসাব করার কারণে ইপিএস কমেছে। একই কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভিপিএস) কমেছে।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এপেক্স ফুডস
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ১২২ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সা। এর আগের অর্থবছরে যা ছিল ১২৬ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ১১৫ টাকা ৯২ পয়সা।

ইপিএসের এই উল্লেখযোগ্য বৃদ্ধির কারণও জানিয়েছে কোম্পানি। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ১৪ টাকা ২১ পয়সা হয়েছে। এর প্রধান কারণ হিসেবে কোম্পানিটি আয় বৃদ্ধিকে উল্লেখ করেছে।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।