বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, শুধু বড় বড় ভবন বা অবকাঠামো গড়ে তুললেই শিক্ষাপ্রতিষ্ঠান হয় না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিবেদিতপ্রাণ শিক্ষক প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে, সেদিকেও কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় কেরানীগঞ্জ উপজেলার ১১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৫ হাজার টাকা করে বৃত্তি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, কৃতি শিক্ষার্থীদের জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত ভালো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষা যে একটি জাতির জন্য কতটা জরুরি, অতীতে সেটি সঠিকভাবে বিবেচনা করা হয়নি। বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, অনৈতিকভাবে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা তৈরি করে সে সময়ে জাতির মানবীয় মেরুদণ্ডকে ‘প্লাস্টিক মেরুদণ্ডে’ পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পড়েছে।

বর্তমান সরকারের শিক্ষা ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এখন আর কোনো স্বজনপ্রীতি বা অনিয়ম নয় বরং মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করা হচ্ছে।

নারী শিক্ষার প্রসারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শিগগির বিএ অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক করা হবে।




৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

সংগঠনটি বলেছে, নভেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করে ডিসেম্বর থেকে তা কার্যকর করতে হবে। এতে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রমিকেরা ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি হাতে পাবেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।

সংগঠনটি জানায়, পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে নতুন মজুরি নির্ধারণের সময় ঘনিয়ে এলেও এখনো মজুরি বোর্ড পুনর্গঠনের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

আইবিসি বলছে, মজুরি বোর্ড গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব সরকারের কাছে দেওয়ার কথা। কিন্তু বোর্ড গঠনে বিলম্ব হলে পুরো প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে। সংগঠনটি জানায়, গত ৪ আগস্ট শ্রমমন্ত্রীর কাছে চিঠি দিয়ে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৬ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালে তা ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা, ২০১৮ সালে ৮ হাজার টাকা এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

আইবিসি বলেছে, মজুরি বাড়লেও একই সময়ে বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

আইবিসি জানিয়েছে, এবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, তা নিয়ে সংগঠনটির একটি দল পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে এবং গণমাধ্যমকে তা জানানো হবে।

দাবি বাস্তবায়নে কর্মসূচিও ঘোষণা করেছে আইবিসি। আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল শেষে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। ৫ থেকে ২০ অক্টোবর গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি চায়না রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূলধারায় তাদের সম্পৃক্ত করতে রোবাস্ট ইন্টারনেট, এক সিটিজেন এক ওয়ালেট এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। রোবাস্ট ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একটি অপরটির পরিপূরক। ডিজিটাল অর্থনীতির সার্বিক গতি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ অপরিহার্য। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল ফিন্যান্সের সুফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট কর্মসূচির মাধ্যমে প্রান্তিক উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করে তাদের ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে, যা কৃষক ও সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের পথ সুগম করেছে। তারা এখন আবহাওয়া, সারের মাত্রা কিংবা পণ্যের বাজারদর সহজেই জানতে পারছেন। এছাড়া ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, কিংবা ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং চালুর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই আর্থিক অন্তর্ভুক্তিকরণ ঘটছে।

 

তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনেরসঙ্গে উদ্ভাবন যেন থমকে না যায়, সে জন্য প্রয়োজনীয় সাইবার সিকিউরিটি ও নীতিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।




সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ রোহিঙ্গাসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১২ টন ইউরিয়া সার ও বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একজন রোহিঙ্গাসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার দিবাগত রাতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। এ সময় সন্দেহজনক একটি বোটের গতিবিধি নজরে এলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে। এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ পাওয়া যায়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা ইউরিয়া সারের পরিমাণ ১২ হাজার কেজি, রসুন ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজ ৪ হাজার ৫০০ কেজি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।

জব্দ করা পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।




নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে বেতন পাবেন।

২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের শতভাগ কার্যকর হবে।

নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা এ সময়ের বকেয়া বেতনও পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় অন্যান্য সব ভাতা পাওয়া শুরু করবেন। একই সময় থেকে পেনশন সুবিধাভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন।

নতুন বেতন কাঠামোয় ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। পাশাপাশি আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়ানো হবে।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শনিবার এর প্রজ্ঞাপন জারি করা হলো।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিই নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে।