মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে একটি বাসায় চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা, চুরি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি জুয়েলারি দোকান থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে কোনো এক সময় কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় জান্নাতুল হুসনার স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। চোরেরা ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণালঙ্কার ও রুপার নুপুর নিয়ে যায়।
চুরির ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মো. সুজন সরদার (৩৪)-কে শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘর থেকে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালিয়ে দোকানের মালিক এনামুল হক (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরাসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কালকিনি থানায় ৩০ আগস্ট ২০২৬ তারিখে এফআইআর নং-২৩, জিআর নং-১৫৪ এবং দণ্ডবিধির ৪৫৪/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।