বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না। বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেছেন।

তিনি আজ সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক এ প্যানেল আলোচনায় আরও অংশ নেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত, সাবেক প্রেস সচিব ও ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম এবং দ্য হিন্দু’র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্র নিউজের এক্সিকিউটিভ এডিটর নাজমুল আহসান।

প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা মূলত একজন স্বাধীন সাংবাদিকের নিজস্ব চিন্তাভাবনা, দার্শনিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক পর্যবেক্ষণের ওপর নির্ভর করে। সাংবাদিকরা তাদের নিজস্ব চোখ ও লেখনীর মাধ্যমে ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলেন। তবে পেশাদারিত্ব বজায় রাখতে তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি।

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের মতো দেশগুলোর গণমাধ্যমের মূল সংকটগুলো প্রায় একই রকম। অতীতে কেবল বাকস্বাধীনতাই আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

সাংবাদিকতা নিয়ে সাধারণ মানুষের ধারণা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবাদিকতার কোনো একক সংজ্ঞা নেই। এটি আগের চেয়ে অনেক বেশি বিভাজিত। সমাজে কোনো একটি বিষয়ে মানুষের মতামত ভিন্ন হতে পারে। তবে দায়িত্বশীল সাংবাদিকের কাজ হলো আবেগ বা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আসল সত্য প্রকাশ করা।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়। সাংবাদিকের মূল দায়িত্ব হলো উপাত্তের ওপর দাঁড়িয়ে সত্যকে উন্মোচন করা। ডেটা বা সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ধারণাই খবর হতে পারে না। সমাজকে সঠিকভাবে বুঝতে ও ফুটিয়ে তুলতে বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

প্যানেল আলোচনায় সাবেক প্রেস সচিব ও ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেন, প্রিন্ট বা টেক্সট যুগের চেয়ে বর্তমান ডিজিটাল যুগে সমাজ ও সংবাদকক্ষগুলো সবচেয়ে বেশি বিভাজিত হয়ে পড়েছে। প্রতিনিয়ত সাংবাদিকদের অস্তিত্ব রক্ষার লড়াই ও আনুগত্যের পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, সত্তর থেকে আশির দশকে সংবাদপত্র বন্ধ বা সেন্সরশিপের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হতো। আর এখন পুরো নিউজ রুম বা সাংবাদিকদের নানা সুযোগ-সুবিধা ও প্রলোভনের মাধ্যমে প্রভাবিত করা হয়।

প্রযুক্তির পরিবর্তন ও টেক্সট সাংবাদিকতার ভবিষ্যৎ সম্পর্কে শফিকুল আলম বলেন, টেক্সট বা প্রিন্ট সাংবাদিকতায় আর আগের মতো অর্থ বা অর্থনৈতিক স্থায়িত্ব নেই। মানুষ এখন আর দীর্ঘ লেখা পড়তে চায় না। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ছাড়া টেক্সটভিত্তিক সাংবাদিকতা সংকুচিত হয়ে আসছে। আর এর জায়গা দখল করে নিচ্ছে ভিডিওভিত্তিক ডিজিটাল মাধ্যম।

আলোচনায় অংশ নিয়ে ‘দ্য হিন্দু’র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন, গণমাধ্যমের দায়িত্ব অনেক। তবে সাংবাদিকদের মূলত তিনটি বিষয় থেকে দূরে থাকতে হয়। প্রথমত, তারা সরকার বা ক্ষমতার অংশীদারদের মুখপাত্র নন। দ্বিতীয়ত, সাংবাদিকরা ‘অ্যাক্টিভিস্ট’ বা আন্দোলনকারী নন। তাদের কাজ কোনো পক্ষ নেওয়া নয়, বরং সত্যকে বিশ্লেষণ করে তুলে ধরা। তৃতীয়ত, সাংবাদিকতা কোনো বিনোদন নয়। সংবাদের কাজ হচ্ছে মানুষকে অবহিত ও সচেতন করা।

দক্ষিণ এশীয় অঞ্চলের সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি নিয়ে সুহাসিনী হায়দার আরও বলেন, বিগত কয়েক বছরে দক্ষিণ এশিয়া ধারণার কিছুটা ঘাটতি তৈরি হয়েছে এবং আঞ্চলিক যোগাযোগ কমে গেছে।

তিনি বলেন, বর্তমান সময়ে কেবল সীমান্ত, ভূ-রাজনীতিই মূল চ্যালেঞ্জ নয়। বরং জলবায়ু পরিবর্তন, পানির সংকট, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব, এআই এবং অপপ্রচারের মতো বিষয়গুলো এ অঞ্চলের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষিণ এশীয় অঞ্চলভিত্তিক সমন্বিত সমাধান জরুরি।

এদিকে আজ দুপুরে রাজধানীর অন্য একটি হোটেলে ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। কারণ এআই নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।

সম্মেলনে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদগণ এআই, ডিজিটাল নেতৃত্ব, সুশাসন, সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এআই প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।




বাংলাদেশি শিক্ষার্থীদের নেদারল্যান্ডস ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক হয়েছে।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিশেষভাবে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং ব-দ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

খলিলুর রহমান নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ভিসা আবেদন ক্রমবর্ধমান হারে প্রত্যাখ্যানের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে এ সমস্যার সমাধানে ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত বিষয়ও উত্থাপন করে এ-সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানান। জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো সন্তোষজনকভাবে সমাধানের লক্ষ্যে সেগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন।




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটার অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সৈকত হোটেলের সামনে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তির নাম কে এম বাচ্চু। তিনি একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত ও কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি।

পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক বায়জিদ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শহিদ সিকদার, স্থানীয় হারুন মুসল্লিসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন কে এম বাচ্চুর ছোট ভাই সোহাগ খলিফা।

অভিযোগের বিষয়ে জানতে বায়জিদসহ অভিযুক্ত কয়েকজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার রাত ১১টার দিকে সৈকত হোটেলের সামনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন কে এম বাচ্চু। এ সময় বায়জিদ সেখানে এসে তাঁর প্রকাশিত একটি সংবাদ নিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে বায়জিদের সঙ্গে থাকা কয়েকজন লাঠি ও হাতুড়ি দিয়ে বাচ্চুর ওপর হামলা চালান। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলাকারীরা বাচ্চুকে আহত অবস্থায় ফেলে চলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবদুল বাতেন বলেন, কে এম বাচ্চুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ। একই কথা বলেছেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকও।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সেলফি ভিডিও দিয়ে ফেসবুকে মিলবে ‘মানুষ’ পরিচয়ের ব্যাজ, সুবিধা কী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির ফলে ভুয়া প্রোফাইল, বাস্তবসম্মত ছবি ও মানুষের মতো কথোপকথন তৈরি করা এখন অনেক সহজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত ব্যবহারকারী ও কৃত্রিমভাবে তৈরি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য নতুন একটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এ ব্যবস্থায় সেলফি ভিডিও জমা দিয়ে সাধারণ ব্যবহারকারীরাও বিনা মূল্যে একটি বিশেষ যাচাইকরণ ব্যাজ পাবেন।

ফেসবুক জানিয়েছে, অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় ব্যবহারকারীদের আস্থা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত যাচাইকরণ ব্যাজের মতো এটি অর্থের বিনিময়ে পাওয়া কোনো সেবা নয়। নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে সাধারণ ব্যবহারকারীরাও এ ব্যাজ সংগ্রহ করতে পারবেন। যাচাইকরণ ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর ভিডিওটি তার প্রোফাইলে থাকা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে ফেসবুক। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ সুবিধা পেতে হলে ফেসবুকের আস্থা ও নিরাপত্তাবিষয়ক শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কোনো ইতিহাস থাকা যাবে না। বর্তমানে শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী এবং নিয়মনীতি মেনে পরিচালিত ব্যক্তিগত অ্যাকাউন্টের ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। তবে পেজ বা ‘প্রফেশনাল মোড’ চালু থাকা প্রোফাইলের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডের পোস্টেও এ ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

ফেসবুকের তথ্য অনুযায়ী, একবার পরিচয় যাচাই সম্পন্ন করলেই হবে। এরপর সমর্থিত সব জায়গায় স্বয়ংক্রিয়ভাবে ব্যাজটি প্রদর্শিত হবে এবং এর জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না। ফলে মার্কেটপ্লেসে কোনো বিক্রেতার পরিচয় যাচাই, ডেটিং সেবায় নতুন কারও সঙ্গে যোগাযোগ কিংবা কোনো গ্রুপে আলোচনায় অংশ নেওয়ার সময় ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি একজন প্রকৃত ব্যক্তির।

ফেসবুক স্পষ্ট করে জানিয়েছে, এ ব্যাজ কেবল নিশ্চিত করবে যে অ্যাকাউন্টটি একজন প্রকৃত মানুষের এবং তিনি সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করেছেন। তবে এর অর্থ এই নয় যে ফেসবুক ওই ব্যবহারকারীর আচরণের নিশ্চয়তা দিচ্ছে বা তাকে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হিসেবে অনুমোদন করছে।

যাচাইকরণ সম্পন্ন হলেও ব্যবহারকারীদের ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও বাণিজ্য–সংক্রান্ত নীতিমালা মেনে চলতে হবে। কারণ, প্রকৃত কোনো ব্যবহারকারীও প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করতে পারেন। তাই এ ব্যাজকে নিরাপত্তা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে এ সুবিধা চালু করা হচ্ছে। পরে বিশ্বের আরও বিভিন্ন দেশে এটি সম্প্রসারণ করা হবে। ফেসবুকের মতে, এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট ও নকল প্রোফাইলের সংখ্যা বাড়তে থাকায় প্রকৃত ব্যবহারকারীকে সহজে শনাক্ত করার প্রয়োজনীয়তাও বেড়েছে। নতুন এ যাচাইকরণ সুবিধা সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




‘একদেশ এক QR’ উদ্যোগে তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবার উদ্বোধন

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতে সাতক্ষীরার তালায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে “ক্যাশলেস সেবা” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার আয়োজনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ব্যাংক শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তালা ভদ্র সুপার মার্কেটে গ্রাহক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পূবালী ব্যাংক তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটকেলঘাটা পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, যুবদল নেতা মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক গ্রাহক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একদেশ এক QR – লেনদেনে বাংলা QR” উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এ উদ্যোগের ফলে তালা বাজারে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




পলিথিনমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তরী বাংলাদেশের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জুলাই ২০২৬: পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ এবং বিকল্প পরিবেশবান্ধব ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও সহজলভ্যতা নিশ্চিত করতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পলিথিনের অবাধ ব্যবহার নদী-জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ সংকট মোকাবিলায় পাট, কাপড় ও কাগজের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্যবসায়ী নেতারা তরী বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিথিনের বিকল্প উৎপাদন, বিপণন ও ব্যবহারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, প্রশাসন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি পলিথিনমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।

সভায় তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির আহ্বায়ক হাজী আবুল কালাম, আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. জালাল উদ্দীন, এফ এ টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূইয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।




ভৈরব নদে ভেসে যাওয়া লাশের পরিচয় মিলল, পাঁচ দিন নিখোঁজ ছিলেন ওই তরুণ

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে উদ্ধার করা অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় মিলেছে। স্বজনেরা জানিয়েছেন, লাশটি নিসর্গ সাহার (২৫)। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদ থেকে লাশটি উদ্ধার করে নওয়াপাড়া নৌ পুলিশ। পরে সন্ধ্যায় ঘটনাস্থলে এসে স্বজনেরা লাশটি নিসর্গ সাহার বলে শনাক্ত করেন।

নিসর্গ সাহা যশোর শহরের চৌরাস্তা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে তাঁর নানার বাড়িতে থাকতেন। ২০ জুলাই সকালে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। ওই তরুণকে খুঁজে না পেয়ে সেদিন রাতেই তাঁর মা কৃষ্ণা রানী সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শুক্রবার সকালে ভৈরব নদে জোয়ারের সময় উপজেলার মধ্যপুর এলাকা দিয়ে একটি লাশ ভেসে যেতে দেখা যায়। লাশটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও হলুদ রঙের একটি গেঞ্জি। পরে তাঁরা নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ লাশটির খোঁজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যপুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মশরহাটী এলাকায় ভৈরব সেতুর পাশে নদীতে লাশটি দেখতে পায় পুলিশ। বেলা তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কয়েক দিন পানিতে থাকায় লাশটি পচে গিয়েছিল। উদ্ধারের পর পলাশ বিশ্বাস ও কৃষ্ণা রানী সাহা পরনের পোশাক দেখে লাশটি তাঁদের ছেলে নিসর্গ সাহার বলে শনাক্ত করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রণজিত সেন বলেন, নিসর্গ সাহার মা–বাবা পরনের পোশাক দেখে তাঁকে শনাক্ত করেছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




স্বাস্থ্য সেবা বিভাগের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পিএসসি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক (তৃতীয় গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা ১১ আগস্ট ২০২৬ (সোমবার) তারিখে শুরু হবে।

পদের নাম ও সংখ্যা

অধ্যাপক (ইউরোলজি)—০২ জন

অধ্যাপক (ইএনটি)—০৫ জন

অধ্যাপক (থোরাসিক সার্জারি)—০১ জন

অধ্যাপক (পেডিয়াট্রিক)—০৫ জন

অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন)—০১ জন

অধ্যাপক (সাইকিয়াট্রি)—০৩ জন

অধ্যাপক (অ্যানেসথেসিওলজি)—১১ জন

অধ্যাপক (কার্ডিওলজি)—০৯ জন

অধ্যাপক (মাইক্রোবায়োলজি)—০৯ জন

পরীক্ষার সময়সূচি

  • ১১ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১০টা: অধ্যাপক (ইউরোলজি), অধ্যাপক (ইএনটি)
  • ১২ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টা: অধ্যাপক (থোরাসিক সার্জারি), অধ্যাপক (পেডিয়াট্রিক), অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন), অধ্যাপক (সাইকিয়াট্রি)
  • ১৩ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০টা: অধ্যাপক (অ্যানেসথেসিওলজি), অধ্যাপক (কার্ডিওলজি), অধ্যাপক (মাইক্রোবায়োলজি)
  • প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

    *মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

    *প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

    *সব সনদ/ডকুমেন্টের মূল কপি মৌখিক পরীক্ষা বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।

    *মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা (৩০ মিনিট) পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।

    *মুঠোফোন ও কোনো প্রকার যোগাযোগযন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।




সদ্য সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাড়িতে পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজধানীর গুলশানে তাঁর ব্যক্তিগত বাসভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ। বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র।

বাড়ির ব্যবস্থাপনা–সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন—এমন প্রস্তুতি নিয়েই কাজ চলছে। বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটটিতে মো. সাহাবুদ্দিন থাকতেন।

আজ শনিবার সকালে গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। বাড়ির সামনে কয়েকজন গণমাধ্যমকর্মী অবস্থান করছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। ভেতরে ভাড়াটিয়াদের গাড়ির চালকেরা গাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্যার কবে আসবেন, আমরা নিশ্চিতভাবে জানি না। তবে আমাদের সবকিছু পরিষ্কার–পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। সে অনুযায়ী কাজ করছি। স্যার কয়েক দিনের মধ্যেই বাসায় আসতে পারেন।’

সরেজমিনে দেখা যায়, বাড়ির নিচতলায় গাড়ি পার্কিংয়ের পাশেই একটি বসার কক্ষ রয়েছে। সেখানে কয়েকটি সোফা ও একটি টেবিল রাখা আছে। আসবাবগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কক্ষের এক পাশে রঙের কয়েকটি কৌটা রাখা হয়েছে। দেয়ালের পুরোনো রং ঘষে তুলে নতুন করে রং করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

কবির হোসেন বলেন, প্রথমে রং করা হবে। এরপর সোফাগুলো পরিষ্কার করা হবে। লোকজন আসবেন, বসবেন—সেই কারণেই জায়গাটি প্রস্তুত করা হচ্ছে।

গতকাল শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি গুলশানের ব্যক্তিগত বাসভবনে ফিরবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ধারণা রয়েছে। যদিও তিনি ঠিক কবে বাসায় ফিরবেন, সে বিষয়ে বাড়ির দায়িত্বে থাকা ব্যক্তিরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

তবে বাড়িতে চলমান পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ দেখে বোঝা যায়, তাঁর ফিরে আসার সম্ভাবনা সামনে রেখেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে বাড়ির নিচতলার বসার জায়গাটিকেই নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে।

গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার।

মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।




ট্রাস্ট ব্যাংক ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের মধ্যে চুক্তি

ট্রাস্ট ব্যাংক তাদের ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের জন্য বিশেষ অটোমোটিভ সেবা নিশ্চিত করতে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা তাঁদের গাড়ির সার্ভিস ও প্রি-পারচেজ ইন্সপেকশন সেবায় বিশেষ মূল্যছাড় এবং কুইক সার্ভিস টিমের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন। আর এ জন্য মাল্টিব্র্যান্ডের পক্ষ থেকে এই সেবা নিশ্চিত করতে একজন কর্মকর্তা নিযুক্ত থাকবে।

এ–সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংকের হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাসুদ করিম চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল হোসেন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরে বিএনপির এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিতে সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোহরাব হাওলাদারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তিনি উপদেষ্টা ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কারা এ হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।