রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (২৩ জুলাই) ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি আসিয়ান এবং আঞ্চলিক ফোরামের সদস্য দেশগুলোকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সমর্থন করার আহ্বান জানান। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও সন্ত্রাস দমনসহ এআরএফের বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির মানবকেন্দ্রিক ও দায়িত্বশীল ব্যবহার এবং সামুদ্রিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করার জন্য একটি এআরএফ প্রযুক্তি গভর্নেন্স ফ্রেমওয়ার্কের আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

 




ছয় মাসে রূপালী ব্যাংকের লোকসান ৬৪১ কোটি টাকা

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আর্থিকভাবে বড় ধরনের অবনতি হয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালি ব্যাংক পিএলসির ব্যবসায়। আলোচিত সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির নিট লোকসান হয়েছে প্রায় ৬৪১ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সামান্য মুনাফা হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১৩ পয়সা। এ সময়ে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি ৯ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছিল। এতে শেয়ারপ্রতি মুনাফার হার ছিল ২০ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা। এ সময়ে নিট লোকসানের পরিমাণ ছিল ২৪৪ কোটি ২৪ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে ব্যাংকটি ৩ কোটি ৩৬ লাখ টাকা মুনাফা করেছিল, যা ছিল শেয়ারপ্রতি ৭ পয়সা মুনাফা হারে। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।




২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হবে। পরীক্ষার্থীরা বর্তমানে ঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন।

তবে, এর আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলো পরে নতুন রুটিন প্রকাশ করে আবার নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগব্যবস্থার বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

 

একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।




বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

বাবার দাফন শেষ করে রাতেই কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।

 

বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোনে ইকনকে মন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান।

ফারহান ইশতিয়াক বলেন, চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে যেন ইকনকে চাকরি করতে না হয়, সে জন্য শিক্ষামন্ত্রী আগামী এক-দুই দিনের মধ্যে তাকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়ালেখার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

মঙ্গলবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে তিনি মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ইকনের দাদার বাড়ি গোপালগঞ্জে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে পরিবারটি বাগেরহাটে বসবাস শুরু করে। অবসরের পর দাদা গোপালগঞ্জে ফিরে গেলেও ইকনের বাবা বাগেরহাটেই থেকে যান। বর্তমানে মানসিক ভারসাম্যহীন এক ভাই ও মাকে নিয়ে বাগেরহাট শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছে ইকনের পরিবার। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে এইচএসসি পরীক্ষার মাঝেও রাতে চাকরি চালিয়ে যাওয়ার ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়েছে।




২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান ও সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক হয়ে কাজ করতে চাই।’

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে। আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশনসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার।’




নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “আপনার হাতের মুঠোয়, আপনার দোরগোড়ায়, আপনার বিশ্বস্ত সহযোগী ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মো. মাহবুবুর আলম। বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি আঃ হান্নান আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন এস মেডিকেল হলের মাস্টার এজেন্ট মো. শাহীনুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের নান্দাইলের মনিটরিং অফিসার নাহিদ হাসান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল এবং ঈশ্বরগঞ্জের মনিটরিং অফিসার রুহুল আমিন। এছাড়া বক্তব্য রাখেন নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুক্তা এবং গ্রাহকদের পক্ষে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুল ইসলাম মিজান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়েল বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. দিলোয়ার হোসেন (কালীগঞ্জ বাজার), মেসার্স মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আল আমিন (চৌরাস্তা), বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান খান (গাংগাইল বাজার), মেসার্স জাকির হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন (দেওয়ানগঞ্জ বাজার), মা-টেলিকম অ্যান্ড লাবীব স্টোরের স্বত্বাধিকারী মো. নাজির আহম্মেদ (পাঁচরুখী বাজার)সহ নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহক, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা, নিরাপদ লেনদেন, সঞ্চয়, অর্থ প্রেরণ, ঋণসহ বিভিন্ন সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ অতিথিরাও গ্রাহকদের আরও বেশি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. শাহীনুল ইসলাম শাহীন অনুষ্ঠানে উপস্থিত সকল গ্রাহক, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন পেশাজীবীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের সেবার বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। পরে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।