মানবপাচার দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে প্রণীত নতুন আইন সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার করে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় নতুন আইনটি সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, অপরাধী চক্রের প্রতিনিয়ত পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও আধুনিক করা হয়েছে। নতুন আইনটি মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে এবং এসব অপরাধ দমন ও বিচারের জন্য সমন্বিত আইনগত কাঠামো গড়ে তুলেছে।

মন্ত্রী আরও বলেন, আইনটিতে তদন্ত ও বিচার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির আলোকে ভুক্তভোগীদের শাস্তির আওতার বাইরে রাখার বিধানও রাখা হয়েছে, যাতে বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি নতুন আইন বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আইনটির মূল বিধান, বাস্তবায়ন কাঠামো এবং তদন্ত থেকে বিচার পর্যন্ত ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, কূটনৈতিক মিশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।




বন্যাকবলিত‌দের জন‌্য যুক্তরাজ্যের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা ঘোষণা

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য ৩৫৫ হাজার পাউন্ড (প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

এই সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজারের বেশি মানুষকে নগদ অর্থ সহায়তা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইক‌মিশনার জানায়, আন্তর্জাতিক সংস্থা স্টার্ট নেটওয়ার্কের ব্যবস্থাপনায় এবং স্থানীয় ও জাতীয় বেসরকারি সংস্থার মাধ্যমে ছয়টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলায়– কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আগে চলতি বছরের মে মাসে সিলেট অঞ্চলের বন্যাকবলিত মানুষের জন্য যুক্তরাজ্য সরকার ২ লাখ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) জরুরি সহায়তা দিয়েছিল। নতুন সহায়তা মিলিয়ে ২০২৬ সালে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ পাউন্ডের বেশি (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) দুর্যোগ প্রতিক্রিয়া জরুরি তহবিলের (ডিআরইএফ) মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টি জেলার মানুষের জন্য আরও ৪ লাখ ৩৮ হাজার ৩৪৮ পাউন্ড (প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা) সহায়তা দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রো-মেট পার্টনারশিপের আওতায় যুক্তরাজ্য বাংলাদেশের জাতীয় আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থায় যুক্তরাজ্যের মেট অফিসের তথ্য ব্যবহারে সহায়তা করছে।




আল আরাফাহ ইসলামী ব্যাংকে ফিরলেন পুরোনো উদ্যোক্তারা

আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান পর্ষদ বিলুপ্ত করে ব্যাংকটির পুরোনো উদ্যোক্তাদের সমন্বয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় এটি আবারও পুরোনো উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ আগে ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোর অনেক ক্ষেত্রেই মূল উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। মূল উদ্যোক্তারা সক্রিয় থাকায় তাদের সমন্বয়েই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

 

নতুন ১৪ সদস্যের পরিচালনা পর্ষদে রয়েছেন— বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লাহ, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে ওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।




শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ’দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ স্লোগান দেন।

তারা বলেন, বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এ কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলবে।

 

তারা আরও বলেন, এই আন্দোলনের সূচনা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও নগরীর ২ নম্বর গেট থেকে। এর ন্যায্য সমাপ্তিও এখানেই হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি আদায় করুন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। তারা বন্যাকবলিত এলাকায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা স্থগিত ও পুনর্নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। এ সময় ফটকের সামনে থাকা কয়েকটি ব্যারিকেড ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।




ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়: মির্জা ফখরুল

বিশ্বের তৃতীয় বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আপনার-আমার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন। কারণ, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানান ধরনের ভোগান্তি পোহাতে হয়।

রাজধানী ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্টে’ রূপান্তর করা প্রয়োজন জানিয়ে মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশনগুলোকে যদি একটি স্বশাসিত সরকারে পরিণত করা না যায়— যা ঢাকা শহরের উন্নয়নের জন্য প্রয়োজনীয়, অন্যান্য বিভাগ ও সেবা সংস্থার কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করবে, তাহলে এই মেগাসিটির দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে না।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।




উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে এনভয় টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড তাদের বার্ষিক ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৫ শতাংশ বাড়িয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি সংযোজন ও কারখানার বিভিন্ন ইউনিট উন্নয়নের মাধ্যমে কোম্পানিটি বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫২ মিলিয়ন গজ থেকে ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে। বাড়তি সক্ষমতায় ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এনভয় টেক্সটাইল এই তথ্য জানায়।

কোম্পানির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে পর্ষদকে অবহিত করা হয়। নতুন কোনো বড় উৎপাদন ইউনিট স্থাপন না করে বিদ্যমান অবকাঠামোর দক্ষতা বাড়ানোর মাধ্যমে এ সক্ষমতা অর্জন করা হয়।

জানা যায়, উৎপাদনের প্রাথমিক বা আপস্ট্রিম পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আধুনিকায়নের পাশাপাশি বিভিন্ন ধাপে অটোমেশন প্রযুক্তি সংযোজন করা হয়। এর ফলে উৎপাদন প্রক্রিয়ার দীর্ঘদিনের একটি বড় বটলনেক দূর হয়। একইসঙ্গে বিদ্যমান ব্যাক-প্রসেসিং সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত হওয়ায় সামগ্রিক উৎপাদন কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ হয়।

কোম্পানির মতে, উৎপাদন সক্ষমতা বাড়ানোর ফলে একই অবকাঠামো ব্যবহার করেই বেশি পরিমাণ ডেনিম ফেব্রিক উৎপাদন সম্ভব হবে। এতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং ক্রেতাদের চাহিদা দ্রুত পূরণের সক্ষমতা বাড়বে। পাশাপাশি রপ্তানি আদেশ গ্রহণ ও সরবরাহ সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ডেনিম ফেব্রিকের অন্যতম উৎপাদক এনভয় টেক্সটাইল লিমিটেড। আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের জন্য ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আসছে।

সর্বশেষ এ সক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কোম্পানির উৎপাদন, বিক্রি ও আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।




 ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্রামীণফোন

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর গ্রামীণফোন ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ইসলামী লাইফ।

আজ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই লভ্যাংশের সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানি দুটি। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় নির্ধারিত সময়ের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসইর মাধ্যমে গ্রামীণফোন জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা হারে লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ পাওয়ার জন্য আগামী ১২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ২১ পয়সা। সে হিসাবে ইপিএস কমেছে ৬৯ পয়সা বা প্রায় ৬ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা। ফলে প্রান্তিকভিত্তিক মুনাফা কমেছে ৮৯ পয়সা বা প্রায় ১৪ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা।

 

অন্যদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।




সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) এর পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (স্বপ্ন) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এসিআই লজিস্টিকস ইস্যুকৃত ৭০ লাখ (৭ মিলিয়ন) কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইব করবে এসিআই। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটি টাকা।

জানা গেছে, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এসিআই লজিস্টিকস লিমিটেড দেশের খুচরা বিক্রয় চেইন ‘স্বপ্ন’ পরিচালনা করে। প্রতিষ্ঠানটি সারা দেশে সুপারশপ, এক্সপ্রেস আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপণন করে।