ন্যাশনাল লাইফের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় কোম্পানির পরিচালক মতিউর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, মামুনুর রশিদ, ডা. শামীম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উপস্থিত ছিলেন।

উপস্থিত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন।




সিটিজেনস ব্যাংকের ডিজিটাল লেনদেন ৩১ ঘণ্টা বন্ধ থাকবে

ডেটা সেন্টার স্থানান্তরের কাজের কারণে সিটিজেনস ব্যাংক পিএলসির বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাত ১টা থেকে ৪ জুলাই (শনিবার) সকাল ৮টা পর্যন্ত, মোট ৩১ ঘণ্টা ব্যাংকটির কার্ড ও ডিজিটাল লেনদেন-সংক্রান্ত সেবা ব্যবহার করা যাবে না।

বুধবার (১ জুলাই) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সিটিজেনস ব্যাংক তাদের ডেটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা স্থগিত রাখবে।

এ সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ডিজিটাল লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অন্য তফসিলি ব্যাংকগুলোকে বিষয়টি সম্পর্কে অবহিত থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যাতে আন্তঃব্যাংক লেনদেন বা গ্রাহকসেবায় কোনো ধরনের বিভ্রান্তি না হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। ডেটা সেন্টার স্থানান্তরের কাজ শেষ হলে সিটিজেনস ব্যাংকের ডিজিটাল সেবাগুলো আবার স্বাভাবিকভাবে চালু হবে।




শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে আম পাঠানো হয়েছে। দেশটির এই দুই মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে মোট ১১০০ কেজি আম। বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো এই আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জানা যায়, শুভেচ্ছা উপহার হিসেবে শুভেন্দু অধিকারী ও ডা. মানিক সাহার কাছে পাঠানো হয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

 

এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

 

এসবের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হবে।




চাকরি বহালের দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা

বাগেরহাটে চাকরি বহালের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। বুধবার (১ জুলাই) সকাল ৮ টায় হাসপাতালের পুরোনো ভবনের দোতলায় প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে করিডোরে অবস্থান নিয়েছেন তারা। কর্মসূচি চলবে দিনব্যাপী।

অবস্থানকারীদের দাবি, দুই বছর ধরে তারা সরকারি সব নিয়মকানুন মেনে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নবনিযুক্ত ঠিকাদার এইচ আর ডি অ্যান্ড ই এজেন্সি‘র স্বত্বাধিকারী মো. সাইদুর রহমান অজানা কারণে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছেন। চাকরি ফিরে পেতে ৬৬ জন কর্মচারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনও করেছেন। চাকরিতে বহাল না করলে, আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মচারীরা।

 

 

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. আল আমিন বলেন, ‘আমাদের নিয়োগ দুই বছরের মতো হলেও, এখানে অনেক কর্মচারী আছেন যারা ১০ বছরের বেশি সময় ধরে হাসপাতালে সেবা দিচ্ছেন। অনেকে আরও বেশি সময় ধরে সেবা দিচ্ছে। দীর্ঘদিন নাম মাত্র বেতন এমনকি বিনা বেতনে সেবা দিতে দিতে দক্ষ হয়েছেন তারা। এসব কর্মচারীদের উপর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা গ্রহীতারা অনেক খুশি, তারপরও আমাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা চাকরি বহাল চাই।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিং কর্মচারী যোগদান করেন। যোগদানের সময় তাদের কাজের মেয়াদ ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু নবনিযুক্ত ঠিকাদারের চুক্তি অনুযায়ী, হাসপাতালে ৯৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নতুন কর্মচারীদের নিয়োগপত্র দিয়েছে ঠিকাদার।

 

এদিকে নতুন নিযুক্ত কর্মচারীরা হাসপাতালে যোগদান করতে আসলে হট্টগোল হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সৌরভ কুমার মন্ডল ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এ বিষয়ে ঠিকাদার মো. সাইদুর রহমানকে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘পুরোনো কর্মচারীরা আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত যে আদেশ দেবে আমরা তা বাস্তবায়ন করব। সবাইকে আপাতত ধৈর্যধারণ করতে বলা হয়েছে।’




নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অবস্থিত মা মারজান এন্টারপ্রাইজ নামের একটি জুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রায় ১৫০ ফুট দীর্ঘ জুটের গুদামটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তাপ ও বিস্তারের কারণে আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুনের ভয়াবহতা দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ সময় আশপাশের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।




জেলা পর্যায়ে ক্রিটিক্যাল চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি ডা. জুবাইদার

প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, চিকিৎসায় চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা পর্যায়ে ক্রিটিক্যাল চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে‘ জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘‘ক্রিটিক্যাল চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেনিং ও চিকিৎসা সরঞ্জাম জরুরি।’’ তিনি সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি জানান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করলেও লাভ হবে না।’’

তিনি বলেন, ‘‘দেশে চিকিৎসকদের অপচিকিৎসা কিংবা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসে। সাম্প্রতিক সময়ে আদ্ব দীন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বিষয়টি আবারও আলোচনায় আসে।’’




আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ গত ১৫ বছরে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং ব্যাংকিং খাতে নানা অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব নথি চাওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব নথি পাঠানোর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে দুদক টিম।

তলব করা নথিপত্র বিশ্লেষণের পর প্রয়োজনে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে দুদক।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগ অনুসন্ধানে উপ-পরিচালক মো. মোমিনুল ইসলাম, উপ-পরিচালক রণজিৎ কুমার কর্মকার ও উপ-সহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লার সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়।

দুদকের তলবকৃত চিঠিতে বলা হয়েছে, সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণখেলাপিদের সুবিধা দিতে নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির সুযোগ সৃষ্টি করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালনা পর্ষদের সব সদস্যের নাম, ঠিকানা, দায়িত্বকালসহ বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। পাশাপাশি ওই সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদনসংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

চাওয়া নথির মধ্যে আরও রয়েছে, ২০১৬ এবং ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) ও ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট এবং বড় ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনসংক্রান্ত জারি করা সব অনাপত্তিপত্রের সত্যায়িত অনুলিপি।

এ ছাড়া ২০২০ সালের বিআরপিডি সার্কুলার-৮ অনুযায়ী শিল্প ও সেবা খাতে বিতরণ করা প্রণোদনা ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা ও প্রণোদনার পরিমাণ চাওয়া হয়েছে।

কয়েকটি ব্যাংকের মালিকানা দেওয়ার অনুমোদনপত্র, এ-সংক্রান্ত নোটশিটের সত্যায়িত অনুলিপি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় বিশেষ গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংককে নগদ সহায়তা দেওয়ার অনুমোদনসংক্রান্ত নথিও




কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

‎নিহতরা হলেন, ট্রলার এফবি দেশের দুই নাবিক রুবেল ও শাহ আলম।

 

রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। বুধবার সকালে নিজ নিজ এলাকায় তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

‎‎ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গুরুতর দগ্ধদের ঢাকায় নেওয়ার পথে রুবেল ও শাহ আলম মারা যান। পরে পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

‎দগ্ধ অন্য চারজনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

‎মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট সংলগ্ন এলাকায় নোঙর করা এফবি দেশ ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ট্রলারে থাকা ছয়জন দগ্ধ হন।

‎ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীতে নোঙর করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

‎এ ঘটনায় ট্রলারের পক্ষ থেকে চট্টগ্রামের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাটির কারণ খতিয়ে দেখছে।




আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ও অনলাইন নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’। ৬০ লাখের বেশি সদস্যের এই বাহিনীর নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং গুজব-অপপ্রচার মোকাবিলার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই প্ল্যাটফর্মকে সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ ৬০ লাখের বেশি সদস্যের একটি বিশাল পরিবার। ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের এই নীরব আত্মত্যাগ ও সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সেই দায়িত্ব সফলভাবে পালন করবে।

তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। ডিজিটাল রূপান্তরের এ সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশ যেমন তথ্যপ্রবাহকে সহজ করেছে; তেমনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যও নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বাস্তবতায় একটি বৃহৎ রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা সময়ের দাবি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ছড়ানো গুজব ও অপপ্রচারের দ্রুত জবাব দিতে বাহিনীর ওয়েব পোর্টাল prantikkonthoshor.gov.bd-এ নিয়মিত প্রেস রিলিজ প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ে এটি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর সবচেয়ে বড় শক্তি শুধু তার সক্ষমতা নয়, বরং জনগণের আস্থা। আর সেই আস্থা গড়ে ওঠে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে। তিনি জানান, মিডিয়া সেলের আওতায় অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যা বাহিনীর কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সহজলভ্য করে তুলবে।

তিনি বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আলোকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে বাহিনীর সদস্যদের কমিউনিটি জার্নালিজমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার গল্প জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

পরিশেষে তথ্যমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর সার্বিক সফলতা কামনা করে বলেন, সত্য, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে এই প্ল্যাটফর্ম গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে দেশের মানুষের আস্থা অর্জন করবে।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ৬০ লক্ষাধিক সদস্যের এই সুশৃঙ্খল বাহিনী দীর্ঘকাল ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের কার্যক্রমকে আরও অধিকতর স্বচ্ছ, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি আমাদের নিজস্ব মিডিয়া সেল-‘প্রান্তিক কণ্ঠস্বর’।

​তিনি আরও বলেন, এটি কেবল একটি অনলাইন পোর্টাল নয়, বরং এটি আমাদের মাঠ পর্যায়ের অকুতোভয় সদস্যদের শ্রম, ত্যাগ এবং সাফল্যের একটি জীবন্ত প্রতিচ্ছবি। আমরা আমাদের অফিসিয়াল অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করছি। সারাদেশে বিস্তৃত আমাদের ৪৭টি ব্যাটালিয়নের সদস্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানে নিয়োজিত ৫০ হাজারেরও বেশি অঙ্গীভূত আনসার এবং সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নেটওয়ার্কে সম্পৃক্ত গ্রাম ও নগর প্রতিরক্ষা দলের সদস্যদের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতিফলন ঘটানোই এই বহুমুখী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নির্ভুল, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী তথ্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, প্রান্তিক কণ্ঠস্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম, সাফল্য এবং জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আনসার বাহিনী দেশের নিরাপত্তা, নির্বাচন, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। এই প্ল্যাটফর্ম তাদের অবদানকে আরও ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দেবে।




অনুমোদন পেলো তিনটি নতুন উপজেলা ও একটি থানা

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন উপজেলা তিনটি হলো— চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের হালদা থানা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হবে।

এ ছাড়া চট্টগ্রারের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা থানা গঠন করা হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।