জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের

ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, সোমবার (২৫ মে) রাতে অন্য ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মান্দার আকাশ-বাতাস।

ছয় জনের যৌথ জানাজায় নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আজ যে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে, তারা হলেন- রাজেন্দ্রবাটি গ্রামের মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর।

জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে নিহত যুবকদের নিজ গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, সোমবার (২৫ মে) একই ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম, পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

একই ইউনিয়নের ৯ যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারশোঁ ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। স্বজন হারিয়ে নির্বাক-নিঃস্ব পরিবারগুলোর এখন একটাই কথা, তাদের কী হবে!

উল্লেখ্য, সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।




প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন আগৈলঝাড়ার অসহায় পরিবার!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের দিক নির্দেশনায় বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুস্থদের জন্য ঈদ উপহার হিসেবে প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৫ ইউনিয়নের ৯০ টি পরিবারের মাঝে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
প্রত্যেককে পরিবারকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ ৪৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায় সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা , এনায়েত হোসেন খান মনু, রাজিয়ার ইউনিয়ন বিএনপির আহবায় খন্দকার মোহাম্মদ আলী, মহিলা দলের নেত্রী নয়ন খানমসহ অন্যান্যরা।

পবিত্র ঈদুল আযহার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে সবাই তার জন্য দোয়া করেন এবং ধন্যবাদ জানান।




ফুটবল বিশ্বকাপের বলে থাকছে যেসব প্রযুক্তি

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় এসেছে টুর্নামেন্টের অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’, যা তৈরি করেছে অ্যাডিডাস। তিন আয়োজক দেশের প্রতি সম্মান জানিয়ে বলটির নামকরণ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পতাকার রং—নীল, লাল ও সবুজ ব্যবহার করা হয়েছে।

‘ট্রাইওন্ডা’ বলে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ডিপ-সিম প্রযুক্তি ও ৫০০ হার্ৎজ মোশন সেন্সর। এই প্রযুক্তি ভিএআর সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে সহায়তা করবে বলে জানা গেছে।

বলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ভেতরে থাকা উন্নত মোশন সেন্সর চিপ, যা প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বার তথ্য সংগ্রহ করতে সক্ষম। ফলে বলের গতি, অবস্থান এবং কোন খেলোয়াড় কখন বল স্পর্শ করছেন—এসব তথ্য তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা যাবে।

সেন্সরটির ওজন মাত্র ১৪ গ্রাম। আগেও ফুটবলে প্রযুক্তি ব্যবহার হয়েছে, তবে এবার তাকে আরও উন্নত করা হয়েছে। এমনভাবে সেন্সরটি বসানো হয়েছে যাতে বলের স্বাভাবিক ওজন, গতি বা বাউন্সে কোনও পরিবর্তন না আসে।

নতুন এই বলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পাওয়ার সিস্টেম। বলের ভেতরের সেন্সর চালু রাখতে ম্যাচ শুরুর আগে এটিকে চার্জ করতে হবে। একবার সম্পূর্ণ চার্জ হলে তা থাকবে ৬ ঘণ্টা পর্যন্ত।

বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে বলের ভেতরে এমন কোনও প্রযুক্তি রয়েছে। ই প্রযুক্তি ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। স্টেডিয়ামের ক্যামেরা এবং বলের ভেতরের সেন্সর একসঙ্গে কাজ করে প্রতিটি ঘটনার সঠিক বিশ্লেষণ দিতে পারবে। ‘ট্রাইওন্ডা’ শুধু একটি বল নয়, বরং এটি হবে খেলার প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে বিশ্লেষণ করার একটি স্মার্ট প্রযুক্তি।